এই বৈঠকখানা অনেক কিছুর সাক্ষী ছিলো!
যেখানেতে রোজ দুবেলা ক্লায়েন্ট জমে,
আলগা থেকে চাঁচাছোলা আইনমাফিক আলোচনায়
হাতে হাতে গোল্ডফ্লেক, আর চায়ের ধোঁয়ায়;
এইখানেতে অনেক স্মৃতির সাক্ষী ছিলো!
এই ঘরটায় মৃত বিকেল ফুল ফোটাতো!!
এই ঘরটায় অনেক বিকেল তোমার মুখে
নাছোড় হয়ে শেষবেলাকার আলো ফেলতো!
এই ঘরে কৃত্রিম বসন্ত জাল বিছোতো।
এই বৈঠকখানা অনেক গল্প জমিয়েছিলো।
মধ্যরাতে আঁধার হলে সমস্তদিক;
অ্যাকোরিয়াম নীলচে আলো ঠিক জ্বেলে দেয়
ভেতর থেকে রঙিন মাছে আমায় দেখে
কী নিদারুণ অভিমানের নকশা আঁকে!
জানতো ওরা, খুন হওয়া এক বিকেলবেলা
বলার ছিলো অনেক কথা, হয়নি বলা
বৈঠকখানা আইনগত আলোচনার
এইখানেতে আবেগগুলোর ঢুকতে মানা।
আর কখনো এমন বিকেল ফিরবেনা ঠিক
সহস্রকাল আসবে বিকেল বিশ্রী অলীক;
একলা ঘরটা কাঁদবে তখন আপনমনে
শেষবেলাকার রোদ্দুর শুধু বুলিয়ে যাবে।
এইখানে রোজ দুবেলাতে লোক জমে যায়,
আইনকানুন সমস্যাতে হাতড়ে বেড়ায়;
কোর্ট কাছারির গল্প জমে এইঘরেতেই
সেরেস্তাঘর, অভিমানের জায়গা তো নেই।।
Thursday, 27 September 2018
বৈঠকখানায় বিকেল
Subscribe to:
Post Comments (Atom)
শীত গতপ্রায়
আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...
-
ত্রয়োদশী চাঁদের গায়ে ছেলেবেলার আঘাতের দাগ দেখেছি কাল সারারাত, কাল সারারাত চাঁদ তার ছেলেবেলার সমস্ত চোটের দাগ সারাগায়ে মেখে নিয়েছিলো। ...
No comments:
Post a Comment