Tuesday, 15 January 2019

শীত গতপ্রায়

আবার একটা শীত গতপ্রায়;
এই শীতেও তুমি জানলেনা
হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ!
মাঘের শেষবেলায় এ শহর
অধিক কুয়াশায় ঢেকে যাবে,
হু হু উত্তুরে হাওয়া তোমাকে থমকে দেবে ক্ষণকাল! অতর্কিতে তোমার সিঁথির রঙ
লালে লাল হয়ে যাবে গত শতাব্দীর কোনো সিঁদুরের রঙে; তুমি যাকে ভেবেছো সদ্য পলাশ।
কার্পাসের ঝড় উঠবে, রোদ্দুর সরে যাবে তোমার শহর থেকে.....গেলো বছরের মতো আবারও তোমার মুখ রাঙিয়ে তুলবে
কোনো চৈত্র বিকেলের মরে আসা গোলাপি আলো; তবু সে রূপ প্রত্যক্ষ করে আর কেউ প্রেমে পড়বেনা!!
মোমের গলন্ত আলোয় তোমার মুখ প্রাচীন মিশরের কোনো এক নববধূর মতো;
তুমি জানলেনা কিছু, বহুদূর থেকে সেও কুয়াশার হিমগন্ধে তোমাকে ভেবেছে।।
                            

No comments:

Post a Comment

শীত গতপ্রায়

আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...