Monday, 15 January 2018

নিকৃষ্টান্ধকার

এতো ঘৃণা সুন্দরের চোখে?
আমি কী জীবাণু নাকি সরীসৃপ?
নাকি গলিত স্থবির অন্ধকার?
যেমন অন্ধকার শীতের সন্ধ্যায়
শীতল পুকুরে জমে আসে!
এমন পুকুরে....পচা পানা জমে বহুদিন!
দুর্গন্ধে পরিত্যক্ত সেই ঘাট....
গা ঘিনঘিনে কটকটে স্বরে কবেকার ইঁটের
ফোকরে ডাকে বুড়ো তক্ষক!
সন্ধ্যার গাঢ় নীল ছুঁয়ে ফেলে পুকুরের জল।
দু দণ্ড স্থাণু হয় ঢোঁড়াসাপ...ডুব দেয় পুকুরের
সবুজ নোংরা অন্ধকারে!!
আমি সেই নগ্ন গহীন অন্ধকার!
যার প্রতি সুতীব্র ঘেন্নায় সুন্দরের চোখ লাল হলো।
নিজের নগ্ন শরীরটুকু অন্ধকার করে নিয়ে
তবে ডুব দেওয়া ভালো সবুজ পানার অন্ধকারে!
দু একটা মাছ শুধু ঝুপঝুপ করে নিক চারপাশে,
আমাকে মিশিয়ে দিক জলেতে মাটির তল পেয়ে।
পায়ের পাতার নীচে ঠাণ্ডা ভিজে মাটি,
পুকুরের ঘাটজুড়ে কেউ আসবেনা এখানে;
কেউ না! শুধু আমি আদি ও অনন্তকাল
অন্ধকার হয়ে মিশে থাকবো এখানে।
কেউ না জানুক, সেই ভালো!
সুন্দর খুশি হোক, যেখানে যা কিছু আছে
অতীব জঘন্যও দেখা দিক সুপুরুষ হয়ে।
সুন্দরের চোখে এতো আলো,
যে আলোয় লজ্জিত হয়ে
নগ্ন মহাকাশের আঁধার আজ এতটুকু হয়ে
মিশে গিয়ে হারাতে চায় পরিত্যক্ত এক
পুকুরের সবুজ অন্ধকার শরীরে!
আমি সেই মহাকাশ, আমার ছায়াটুকুও
মিশে যাক আমার শরীরে;
অন্ধকারের বুকে কোনো ছায়া অভিন্ন হবেনা!
নিজের ছায়াকেও আমি ভয় পাই আজকাল,
যদি তার ছোঁয়াচেতে সুন্দরের ঘৃণা জেগে ওঠে।
ঘৃণার আলোয় আমি অন্ধকার হবো,
মহাকাশ ছিলাম আমি, অখণ্ড গাঢ় মহাকাশ!
বুঝিনি এ নগ্নতা কোনোদিনও গৌরব নয়,
মহাকাশ উলঙ্গ পুরুষাঙ্গে কাপড় কোথায়?
ওই ঘৃণার আগুন আঁচ আলো,
আমার শরীরের সব অন্ধকার জ্বলে গেলো,
এতো জ্বালা নিয়ে আমি কোথায় লুকোবো?
তাই দারুণ অবসাদে কিংবা সুতীব্র যন্ত্রণা নিয়ে
পুকুরের জলে আজ এতটুকু অন্ধকার নিয়ে
মহাকাশ ডুব দিলো নিজেকে উজাড় করে দিয়ে!
এতো তারা বুকে যার, সেও একা হয়ে যায়
সুন্দরের দুচোখের দাউদাউ ঘৃণার আগুনে!
দুনিয়ার সবচেয়ে ভীতু কাপুরুষও বুঝি
আমার চেয়ে উৎকৃষ্টতম
সুন্দরের চোখে!
আমার অপরাধ আমি কোনোদিনও
মেকি আলো হয়ে মিথ্যে গৌরব নিয়ে
দাঁড়াতে পারিনি সুন্দরের সামনে!
বরং যা আমি, আমার যা পরিচয়
সেই গাঢ় মহাকাশ হয়েই আমার বুকেতে জমা
সমস্ত তারাদের নিয়ে গৌরব করে গেছি আজীবন।
সবুজ অন্ধকারে মুখ লুকিয়ে বুঝলাম আজ;
আমাকে ভালবাসা কী ভীষণ জঘন্য কাজ!!
                                                  

No comments:

Post a Comment

শীত গতপ্রায়

আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...