Friday, 9 March 2018

অলীক পাগলামি

মাঝে মাঝে উদ্ভট সব কল্পনা
আসে মাথায়,
অদ্ভুত সব পাগলামির চিন্তা;
তৎক্ষণাৎ ঝটকায় সরানো যায় যদিও
কিন্তু সরাইনা, বলা ভালো সরাতে মন চায়না।
অপরাধ কিছু তো নয়, নেহাতই স্বপ্ন দেখার রোগ
তোমাকে নিয়ে কিছু অলীক পাগলামি;
আমিও জানি যেসব কোনোদিনও
সত্যি হওয়ার নয়।
ভোরের কুয়াশার মতো বা
ঈশ্বরের অস্তিত্বের মতো
যা সকালের রোদ উঠলেই
একটু যুক্তির ঘা দিলেই
টুকরো টুকরো হয়ে হারিয়ে যায় কোথায়!
মনে হয়, তুমি শুধু আমার জন্যেই এলে
এই পৃথিবীতে; শুধু আমার জন্যেই
তোমায় সৃষ্টি করলেন ঈশ্বর!
হয়তো এর আগে তুমি কোথাও ছিলেনা,
অথবা কত আলোকবর্ষ দূরে কোন মহাকাশে
কোন এক ঝলমলে নক্ষত্র হয়ে
লুকিয়ে ছিলে চুপচাপ!
হঠাৎ মাটিতে ঝরে পরলে টুপ করে
আমার জন্যেই!
বড় অদ্ভুত পাগলামি,
তবু মনে হয় ওই ঘন কালো চোখ
ঘাসের মতো স্নিগ্ধ চোখের পালক;
তীক্ষ্ম ধনুকের ছিলার মতো ভ্রু....
আমার জন্যেই!
কুমোরটুলির কোনো পটুয়ার হাতে গড়া
শিল্পের মতোই ছাঁচে ফেলা সুনিপুণ নাক,
নাকের মধ্যিখানে ডানদিক ঘেঁষে
ছোট্ট কালো তিল......
আমার জন্যেই!
অস্ফুট হাসি এক গভীর ছোট্ট ঠোঁটে
ঠোঁটের কোণায় এক অতিসূক্ষ্ম তিল....
আমার জন্যেই!
সিল্কের মতো ঘন চুলের অন্ধকার.....
আমার জন্যেই!
মাঝে মাঝে উদ্ভট সব কল্পনা
আসে মাথায়,
অদ্ভুত সব পাগলামির চিন্তা;
অন্যরকম এক আবেগের সুর
বেজে ওঠে বিসমিল্লার সানাই হয়ে!
অদ্ভুত ঘন রাত এক,
রিমঝিমে তারা ভরা আলোর রোশনাইয়ের রাত
ঘোমটা সরাচ্ছি খুব ধীরে ধীরে তোমার....!
কপালে সাদা লাল চন্দনের ডিজাইন
অদ্ভুত ট্র‍্যাপিজিয়াম আঁকে!
এসব অলীক চিন্তা; বাস্তব ভিত্তি নেই কোনো!
একটু রোদের ছোঁয়াই যথেষ্ট ভোরের কুয়াশাজাল
ছিঁড়ে দিতে।
মাঝে মাঝে উদ্ভট সব কল্পনা আসে মাথায়,
অদ্ভুত সব পাগলামির চিন্তা!
মনে হয় সারাজীবন হৃদয়ে প্রেমের দিন
যতদিন চলে, ততদিন চাইবে আমাকেই
অদ্ভুত আবেগঘন চাহনিতে তাকাবে আমার দিকেই
আরও হাজার বছর।
যদিও জানি আমি, তোমার সমস্তকিছুই
অন্য কারোর।।
    (শাহির লুধিয়ান্বির কবিতার ভাবানুবাদ বিশেষ)

No comments:

Post a Comment

শীত গতপ্রায়

আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...