Wednesday, 12 July 2017

বব ডিলান সুজনেষু

                    ১
     শ্যামবাজারের কাছে
     একলা ছাতার নীচে
      বৃষ্টি নামলো টুপটাপ
      বিকেলের রোদ মুছে,
      ফিরছে দেবলীনা
      ব্যস্ত ফুটপাত ধরে,
     নেতাজি দাঁড়িয়ে একা
     পাঁচমাথার ওই মোড়ে।
     ####
    অফিস ফেরত যানজট
    অকাল বর্ষার ভার,
    গাড়ির কাঁচ ঝাপসা
    মুছছে ইপার;
   দিনের ক্লান্তি ভিজিয়ে
   ফিরছে যারা ঘরে,
   নেতাজি ভেজেন একা
   পাঁচমাথার ওই মোড়ে।
   ####
   কেসি পালের ছাতা
   রাস্তাজুড়ে বিজ্ঞাপন,
   ভণ্ডুল প্রতিবাদী মিছিল
   এই অকাল বরিষণ!
   জলকাদা ঘেঁটে ঘেঁটে
   ওরা স্কুল থেকে ফেরে,
  একলাই দেবলীনা
  শ্যামবাজারের মোড়ে।।
                
(বিঃদ্রঃ- Shelter from the storm)

                  ২
যদি দেখা হয় তাকে বোলো,
আজো প্রতীক্ষায় আছে!
গাঙুর আজো বয়ে চলে
ইতিহাস বুকে নিয়ে বেঁচে।
সর্ষে ক্ষেতে সন্ধ্যা আগত
ফিরছে কৃষক,
বুকে আজো প্রাচীনের ক্ষত
ওড়ে সাদা বক।
মেঘলা বিকেলে ওড়ে চিল
আজো বাংলায়,
হ্রেষা ধ্বনি আজো মাঠে ঘাটে
বল্লাল সেনের ঘোড়ায়।
####
শতাব্দী প্রেয়সী আজো
বসে আছে মুখর বিরহ,
শ্যামা ঘোরে একা সেইখানে
যেখানে কিশোরীর শবদাহ!
এইখানে কোনো প্রেয়সীর
শতাব্দীকালের প্রতিশ্রুতি,
তাকে আর খুঁজে পাবে নাকি
যেমন সে প্রাচীন যুবতী!
বিশালাক্ষী দিয়েছিলো বর
প্রেম বেঁচে থাকবে সেইখানে,
সন্ধ্যার শাঁখে মিশে থাকে
আলপনা আঁকা উঠোনে।
####
মধুকর ডিঙা থেকে খোঁজে
চাঁদ তাকে কালিদহ পাড়ে,
সন্ধ্যার মতো মহাকাল
ঘনিয়ে উঠছে চরাচরে।
কবিরঞ্জনও গান বাঁধে
না দেখা সে কিশোরীকে চেয়ে,
তাকে খুঁজে পাননি ভানু সিংহ
শিলাইদহের বুকে বয়ে।
তবু যদি দেখা হয় বোলো
আজো আশায় বসে আছে,
কতো নদী আজো বয়ে চলে
এই বিশ্বাস নিয়ে বেঁচে।।

(বিঃদ্রঃ- If you see her say hello)

No comments:

Post a Comment

শীত গতপ্রায়

আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...