১
আবার কখনো দেখা হবে হায়দ্রাবাদ
আবার কখনো ভাঈজাগ-আরাকু,
আবার কখনো বলবন্ত এক্সপ্রেসে
মধ্যরাতে থামবো সেকেন্দ্রাবাদ।
আবার কখনো হঠাৎ স্টেশনে নেমে
সেই রিসর্টটা খুঁজে যাবো এলোমেলো,
চেনা মুখ দেখে পা দুটো যাবে থেমে,
দুরে তখন ডলফিন নোজ়ে আলো।
সেই রিসর্টটা থাকবে একইরকম
মালিকের সেই কুকুরটা শুধু নেই,
সেই ঘরগুলো শুনশান ফাঁকা ফাঁকা,
দশটা বছর হারিয়ে গিয়েছে তাই।
ছেঁড়া ছেঁড়া কিছু স্বপ্নের মতো মুখ
মনে পড়ে যাবে চেনা রুমটায় ঢুকে
আট-নʼটা দিন কত হইহুল্লোড়,ছোট ছোট কিছু আনন্দ মজা সুখ।
এমনই একটা মেঘলা বিকেলবেলা,
টাটাসুমো চেপে ঐতিহাসিক স্থান
গোলকোন্ডা ফোর্টটা থাকবে একই,
বিষণ্ণতা আঁকড়ে ধরবে গলা।
চারমিনার গেটের সামনে এসে
ভিজে আসবে চোখদুটো অকারণে,
এইখানে এসে চুড়ি কিনেছিলো কেউ
মার্কেট আছে, সে নেই আশেপাশে।
সেই ফিল্ম সিটি, সেই চেনা পথ ঘাট
লাইটহাউসে পুরনো আঁশের ঘ্রাণ,
তারা রিমঝিমে হায়দ্রাবাদের রাত
প্রথম সকালে মৌলবীর আজান।
জানিনা তখন ফিরবো কিনা আর
শেষ ট্রেনে ঘরে না আসতেও পারি,
হু হু হাওয়া দেবে খোলা কামরার কপাট
সহযাত্রিনী হবেনা সেই নারী!
হাওয়া কারো চুল করবেনা এলোমেলো,
নিদ্রার আবেশে চোখ বুজে আসবেনা
একা ট্রেন শুধু থামবে শূন্য স্টেশন,
সেখানেই তাকে আবার দেখা হলো।।
২
স্মৃতিরাই দায়ী শুধু,
সে আর নাইবা এলো ফিরে;
কিছু কিছু মেঘ থেকে
পুরনো স্মৃতির ফোঁটা ঝরে।
এখনো ভেজে শহর
অনেক দুরেতে ভাইজাগ,
দেখা আর হবে প্রিয়
মসজিদ---ভোর ভৈঁ রাগ?
গোলকোন্ডার ছাদে
যুবতীর এলোমেলো চুল;
হায়দ্রাবাদে বৃষ্টি আবহাওয়া
বড় প্রতিকূল।
আমার শহরে আজ
কবেকার সেই মেঘ ভরে,
কিছু মেঘ থেকে আজো
পুরনো বৃষ্টির ফোঁটা ঝরে।।
No comments:
Post a Comment